Previous
আমাদের বাড়িটা পাহাড়ের ওপরে অনেক উঁচুতে।
পাহাড়ে অনেক গাছপালা।   গাছপালা দেখতে আমার খুব ভালো লাগে।
বর্ষায় আমাদের বাড়ির ওপর দিয়ে কালো মেঘ ভেসে যায়।   বৃষ্টি ঝরে অঝোর ধারায়।   বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে।
শীতের সময় কুয়াশায় আমাদের বাড়ি ঢেকে যায়।   কুয়াশায় হেঁটে বেড়াতে আমার খুব ভালো লাগে।
শীতের সময় আগুন দিয়ে আগাছা পোড়ানো হয়।   এরপর বাবা ও মা জুম চাষ করেন।   বাবা-মা’র সাথে কাজ করতে আমার ভালো লাগে।
আমাদের পাশের বাড়িটিতে কাপড় বোনার চরকা আছে।   ঐ চরকা দিয়ে জামা বোনা হয়।   লাল-নীল জামা পরতে আমার ভালো লাগে।
মা ঝর্ণা থেকে পানি আনতে নিচে যান।   আমিও মায়ের সাথে যাই।   ঝর্ণা দেখতে আমার ভালো লাগে।
মা ও বাবা আমাকে নিয়ে মেলায় যান।   সেখানে নাচ হয়, গান হয়।   নাচ-গান আমার খুব ভালো লাগে।
বাবা বলেছেন, আমাদের জেলার নাম বান্দরবন।   আমাদের জেলাটি পাহাড়ে পাহাড়ে ভরা।   এমন আরো দু’টি জেলা আছে।   একটার নাম রাঙামাটি, অন্যটার নাম খাগড়াছড়ি।   ঐ দুই জেলায় যেতে আমার খুব ইচ্ছে করে।
অন্যান্য জেলাগুলো সমতল।   নদীনালায় ভরা।   বর্ষায় বেশির ভাগ এলাকা পানিতে ডুবে যায়।   বর্ষার সময় আমি ঐসব জেলায় যেতে চাই।   আমি বর্ষা দেখতে চাই।
আমার নাম প্রীতি।   চথুই, শন্তু ও সপু আমার বন্ধু।   ঐসব জেলায় বন্ধু থাকলে খুব ভালো হতো।
Next